• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৯:১৫ (15-Oct-2026)
  • - ৩৩° সে:
আগামীকাল সিজেপির পতাকা মিছিল, নিরাপত্তা জোরদার করছে দিল্লি পুলিশ

আগামীকাল সিজেপির পতাকা মিছিল, নিরাপত্তা জোরদার করছে দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির বাণিজ্যিক এলাকা কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলন ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামীকাল ১৬ অক্টোবর শুক্রবার অনুষ্ঠেয় এ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। সম্ভাব্য জমায়েত, যান চলাচল নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে আইনশৃঙ্খলা বিভাগের দুই জোনের বিশেষ পুলিশ কমিশনার, অপরাধ দমন শাখা, বিশেষ সেল, গোয়েন্দা বিভাগ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা অংশ নেওয়ার কথা রয়েছে। নিউ দিল্লি রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার এবং নিউ দিল্লি জেলার উপপুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন।পুলিশের কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির ঘোষিত তেরঙ্গা পদযাত্রা ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হবে। একই সঙ্গে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা নিষেধাজ্ঞা যাতে লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে। কনট প্লেসের সেন্ট্রাল পার্কসহ মধ্য দিল্লির বিভিন্ন স্থানে বড় ধরনের জমায়েত ঠেকানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে।এ ছাড়া কনট প্লেস ও মধ্য দিল্লির অন্যান্য এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প পথ নির্ধারণ এবং প্রবেশপথগুলোতে ব্যারিকেড দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। মেট্রোরেল স্টেশনগুলোর প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ রাখা প্রয়োজন কি না, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।বৃহস্পতিবার সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ‘দেশপ্রেমিকদের’ শুক্রবার জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার আহ্বান জানান। তার অভিযোগ, দলের সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে শুধু জাতীয় পতাকা উত্তোলনের কারণে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে সোমবার জন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাদ দেওয়া হয়। শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গ ও অনধিকার প্রবেশের অভিযোগে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তারা বর্তমানে তিহার কারাগারে রয়েছেন।মঙ্গলবার জাতীয় পতাকা হাতে জন্তর মন্তরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পর পুলিশ তাঁদের সরিয়ে নেয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। এ ইস্যুতে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলও বিক্ষোভ চালিয়ে আসছে।সম্ভাব্য জনসমাগম এবং রাজনৈতিক দল, শিক্ষার্থী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়ে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দা বিভাগ। কনট প্লেস ও জন্তর মন্তরসহ নিউ দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় দিল্লিতে মোতায়েন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৭৩টি কোম্পানির অবস্থান ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানান, বিক্ষোভ মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে বাহিনীর ২০০টি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আকস্মিক বা পূর্বঘোষিত বিক্ষোভ মোকাবিলায় জন্তর মন্তর ও আশপাশের এলাকায় দাঙ্গা নিয়ন্ত্রণের যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।শুক্রবারের পদযাত্রায় নেতৃত্ব দিতে পারেন—সিজেপির এমন গুরুত্বপূর্ণ সদস্য ও অন্যান্য ব্যক্তির অবস্থান এবং চলাচলের ওপরও নজর রাখছে গোয়েন্দা বিভাগ।এদিকে, বিক্ষোভের কারণে ব্যবসায় ক্ষতির অভিযোগ তুলে শুক্রবার কনট প্লেসের দোকান, রেস্তোরাঁ ও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল ভার্গব জানান, বিক্ষোভের কারণে তাঁদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসা কমে আগের তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশে নেমে এসেছে।তিনি বলেন, কনট প্লেসের ব্যবসায়ীরা বিক্ষোভ নিয়ে বিরক্ত। ভাড়া ও কর্মীদের বেতনসহ নিয়মিত ব্যয় বহন করতে হওয়ায় প্রতিষ্ঠান বন্ধ রাখা তাদের পক্ষে সম্ভব নয়। তাই শুক্রবারও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য জমায়েত ঠেকাতে পুলিশের প্রস্তুতির মধ্যেও শুক্রবার কনট প্লেসের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।সূত্র: হিন্দুস্তান টাইমস