• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:১৪:২৮ (22-Nov-2026)
  • - ৩৩° সে:
৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি

অনলাইন ডেস্ক: আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।সংস্থাটি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়।দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর স্বাক্ষরিত এই চিঠি ২২ নভেম্বর রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, এনসিটিবি কর্তৃক ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরের (ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল) শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।এতে আরও বলা হয়, এই কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করা এবং জাতীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।এ লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির সর্বপ্রকার নোট ও গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ থাকবে। এজন্য সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীকে এ নির্দেশনা পালনের অনুরোধ জানানো হয়েছে। বাসসএটিভি/এসটিও