• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:২২:০০ (10-Mar-2026)
  • - ৩৩° সে:
নড়িয়ায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নড়িয়ায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে এক প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বহিষ্কৃত মিজানুর রহমান শিকদার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারাদেশের কপি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ভোজেশ্বর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতন বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এতে তার ডান হাত ভেঙে যায়।বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলার অভিযোগ ওঠে উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন খান ও ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদার এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে।এ বিষয়ে নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন বলেন, ‘বহিষ্কারের বিষয়ে আমি আনুষ্ঠানিকভাবে অবগত নই। এ সংক্রান্ত কোনো চিঠিও এখনো হাতে পাইনি।’