জাদুঘর থেকে ৬৭৩টি হীরাখচিত রাজকীয় নেকলেস চুরি
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ৬৭৩ হীরাখচিত একটি ঐতিহাসিক নেকলেস চুরি হয়েছে। প্ল্যাটিনামের তৈরি নেকলেসটির হীরাগুলোর মোট ওজন ২০০ ক্যারেটের বেশি। ২০১৫ সালে নিলামে এটির মূল্য ছিল প্রায় ৪৩ লাখ ডলার।২৭ আগস্ট বৃহস্পতিবার ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টস থেকে নেকলেসটি চুরি হয়। পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তি সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করেন। পরে তারা একটি কাচের প্রদর্শনী বাক্স ভেঙে নেকলেসটি নিয়ে পালিয়ে যান।পুলিশের তথ্য অনুযায়ী, দুই সন্দেহভাজন মুখোশ পরেননি এবং তাদের গতিবিধি জাদুঘরের নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। একজনের কাছে আগ্নেয়াস্ত্র সদৃশ একটি অস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে। চুরির পর তারা কোন দিকে পালিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।চুরি হওয়া নেকলেসটি ফরাসি অলংকার নির্মাতা প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের তৈরি। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলির মেয়ে রাজকন্যা ফাওজিয়ার সঙ্গে ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির বিয়ের জন্য নেকলেসটি তৈরি করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে রানি নাজলি এটি পরেছিলেন।নেকলেসটি বর্তমানে মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের অলংকার নিয়ে আয়োজিত একটি বিশেষ প্রদর্শনীর অংশ ছিল। চুরির পর প্রদর্শনীর ওই অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।চুরির ঘটনায় অস্ট্রিয়ান পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করেছে। সন্দেহভাজনদের শনাক্ত করতে নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হচ্ছে। পুলিশ দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে।জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, চুরির ঘটনায় কেউ আহত হননি। ঘটনাটি তদন্তাধীন থাকায় জাদুঘর কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত রয়েছে।সূত্র: ডয়েচে ভেলে