সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ভর্তির দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নীলফামারী প্রতিনিধি: চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ৪৮ জন শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে না পেরে বিক্ষোভ করেছেন নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে শিক্ষার্থী ও অভিভাবকরা।১৩ সেপ্টেম্বর রোববার বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে তারা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করে আসছেন। একটি পরীক্ষার ফলাফলের কারণে দীর্ঘদিনের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। তাই ভর্তির ন্যূনতম যোগ্যতা পুনর্বিবেচনা করে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেওয়ার দাবি জানান তারা।জানা গেছে, ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে এর আগে ৪৮ শিক্ষার্থীর অভিভাবকরা দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের কাছেও ভর্তির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলেন তারা। তবে কোনো সমাধান না হওয়ায় আজ (রোববার) সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থী ও অভিভাবকরা।কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে চলতি বছর ১০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫২ জন। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে জিপিএ-৫ নির্ধারণ করা হয়। ফলে জিপিএ-৫ না পাওয়া ৪৮ শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েছেন।এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কালাম আজাদ বলেন, ‘কলেজে প্রতিবছরই ভর্তির চাপ বাড়ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী। ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’