• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:২৭:০২ (14-Aug-2026)
  • - ৩৩° সে:
১৫ আগস্টকে কেন্দ্র করে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

১৫ আগস্টকে কেন্দ্র করে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট: আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।১৪ আগস্ট শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এড়াতে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া মহানগরের সকল প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে প্রস্তুত ও সুইপিং কার্যক্রমে নিয়োজিত রাখা হয়েছে।ডিএমপি জানায়, নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় থাকবে। পাশাপাশি ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন। সার্বিক নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি অতিরিক্ত র‍্যাব ও সিআইডি টিম মাঠে মোতায়েন থাকবে।ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, সাধারণ মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিং মলসহ সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করবেন। ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।