• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:১০:২১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:
মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। ৩১ অক্টোবর শনিবার গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুসারে এ গেজেট প্রকাশ করা হয়।এর আগে, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৩১ হাজার ৪০৪।নির্বাচনে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করেন।এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গত ২২ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর পর ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।এটিভি/এসটিও