• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৫৬:৪৯ (14-Feb-2026)
  • - ৩৩° সে:
নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন চাঁদপুরের নবনির্বাচিত এমপি

নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন চাঁদপুরের নবনির্বাচিত এমপি

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন। ১৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনার ঘটনায় তদন্ত চলছে।নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ১৩ ফেব্রুয়ারি রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ৫ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।এর আগে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি নির্বাচন-পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়।আটকেরা হলেন- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, শুক্রবার রাতে আটক ৫ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।