সালমান শাহর দেহাবশেষ উত্তোলন বাতিল চেয়ে আবেদন নথিভুক্ত
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে তার দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে করা আবেদন আদালতে নথিভুক্ত করা হয়েছে।২৩ জুন মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এ আবেদন করেন।শুনানি শেষে সকালে বিচারকের উপস্থিতিতে এক পুলিশ কর্মকর্তা আদালতের আদেশ পড়ে শোনান। এ সময় তিনি জানান, বাদীপক্ষের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং পূর্বের লাশ উত্তোলনের আদেশ বাতিল করা হয়েছে। পরবর্তীতে এ তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।তবে পরে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি স্পষ্ট করে জানান, আদালত লাশ উত্তোলনের আদেশ বাতিল করেননি। বরং আবেদনটি নথিভুক্ত করেছেন মাত্র।এর আগে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন।উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সাম্প্রতিক এই আবেদনের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।