• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ সকাল ১১:২২:২৪ (02-May-2026)
  • - ৩৩° সে:
ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ আহত ৮

ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ আহত ৮

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। ১ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ওই উদ্যানে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সন্ধ্যায় নাগরদোলায় প্রচুর দর্শনার্থী ছিল। চলন্ত অবস্থায় নাগরদোলাটি হঠাৎ ভেঙে মাটিতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন এবং তাদের মধ্যে পাঁচ শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনাস্থলে উপস্থিত আবুল মনসুর নামের একজন বলেন, এই পার্কে দীর্ঘদিন যাবত অবৈধভাবে এসব নাগরদোলা বসে ব্যবসা করে আসছিল। কর্তৃপক্ষ জানলেও এগুলো অপসারণ করার উদ্যোগ নেয়নি। যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জোবায়দুল ইসলাম জানান, আহত পাঁচজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ভজন সরকার (৪০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।