রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ৫ নবজাতকের জন্ম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে ৫টি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর তাদের বাড়ি পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।স্থানীয়ভাবে অনেক সময় ধারণা থাকে, নিরাপদ প্রসব মানেই বেসরকারি হাসপাতালে যাওয়া। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত নরমাল ডেলিভারি এবং প্রয়োজন অনুযায়ী ইলেক্টিভ সিজারিয়ান সেকশন করা হচ্ছে। দক্ষ চিকিৎসক, নার্স ও স্টাফদের সমন্বয়ে এখানে ২৪ ঘণ্টা মাতৃসেবা চালু রয়েছে।হাসপাতালের চিকিৎসক সাহেদ হোসেন বলেন, গর্ভাবস্থায় নিয়মিত চেকআপ ও নির্ধারিত সময়ে হাসপাতালে ভর্তি হলে জটিলতার ঝুঁকি অনেক কমে যায়। সচেতনতা বাড়লে এবং সরকারি স্বাস্থ্যসেবার ওপর আস্থা তৈরি হলে মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুহার কমানো সম্ভব।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জমিলা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকারি হাসপাতালের সেবা গ্রহণে পরিবারগুলোকে এগিয়ে আসতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে একটি নতুন জীবনের নিরাপদ সূচনা নিশ্চিত করতে।