চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক: জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন নির্ধারণ, পেনশন, ইনক্রিমেন্ট ও আনুতোষিক-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। গত ১ জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই, ২০২৬ এর আগে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী সমতুল্য গ্রেড ও ধাপ নির্ধারণ করা হবে। সেই সঙ্গে তারা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তি অনুযায়ী প্রাপ্য ভাতাদি পাবেন।অন্যদিকে ১ জুলাই, ২০২৬ এর পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অবসরের ঠিক আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন নির্ধারণ করা হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত অথবা উভয় পক্ষের সম্মতিতে স্থির করা বেতনও প্রযোজ্য হতে পারে।প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নির্ধারিত বেতন থেকে অবসর গ্রহণের আগে কম্যুটেশন বা সমর্পণের পূর্ববর্তী মোট পেনশনের পরিমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেয়া হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেয়া হবে না। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতার শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ ও স্মারক নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারির প্রজ্ঞাপন বাতিল করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এটিভি/ এম এইচ আই