গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে অফিস-দোকানপাট
ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জেলায় স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করেছে।১৬ নভেম্বর সোমবার সকাল থেকে জেলার সব সরকারি-বেসরকারি অফিস, আদালত ও দোকানপাট খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।এর আগে, রোববার দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জেলায় বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়াসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে জেলায় বিজিবি মোতায়েন করা হয়।সার্বিক পরিস্থিতি সম্পর্কে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এটিভি/ এইচকে