• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩২:৪৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:
আমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, এনসিপির নিন্দা

আমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, এনসিপির নিন্দা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রেসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।২৫ অক্টোবর রোববার রাতে সংঘটিত এই হামলায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও স্থানীয় এক দোকানি রিনা খানম আহত হয়েছেন। দলটির পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, গণমাধ্যমের কার্যালয় ও ছাপাখানার মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সহিংস ঘটনা শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতাই নয়, বরং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্রই তুলে ধরে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিবেশের জন্য এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য শর্ত। কোনো ধরনের ভয়ভীতি, সহিংসতা বা হামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে আমার দেশ-এর প্রেসসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।এটিভি/এসটিও