• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:২২:৪৯ (20-Aug-2026)
  • - ৩৩° সে:
আশ্রয়কেন্দ্রে শিশুর কান্না থামাতে নিজেই স্তন্যপান করালেন মন্ত্রী

আশ্রয়কেন্দ্রে শিশুর কান্না থামাতে নিজেই স্তন্যপান করালেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকবিষয়ক মন্ত্রী সীতা বাদি মানবিক উদ্যোগের জন্য আলোচনায় এসেছেন। রাজধানী কাঠমান্ডুর একটি শিশু আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় ক্ষুধার্ত ১৭ দিন বয়সী এক শিশুকে নিজে স্তন্যপান করান তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা পাচ্ছেন মন্ত্রী।‘নেপাল চিলড্রেনস অর্গানাইজেশন’-এর বাল মন্দির আশ্রয়কেন্দ্রে শিশুদের দুরবস্থার খবর পেয়ে সম্প্রতি সেখানে যান সীতা বাদি। এর আগে ওই আশ্রয়কেন্দ্র থেকে দুই বছরের কম বয়সী ২০ শিশুকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরিদর্শনে গিয়ে শিশুদের অপরিচ্ছন্ন পরিবেশে থাকার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি সামনে আসে।পরিদর্শনের সময় ১৭ দিন বয়সী একটি শিশু কান্না শুরু করলে তাকে কোলে তুলে নেন মন্ত্রী। ওই আশ্রয়কেন্দ্রে তখন শিশুটিকে খাওয়ানোর জন্য ফর্মুলা দুধ বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। পরে সীতা বাদি শিশুটিকে স্তন্যপান করান। কিছুক্ষণ পর শিশুটি শান্ত হয়ে মন্ত্রীর কোলেই ঘুমিয়ে পড়ে।শিশুদের দুরবস্থা দেখে সীতা বাদি তাৎক্ষণিকভাবে তাদের সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। চিকিৎসকেরা পরে শিশুদের মধ্যে চোখের সংক্রমণ, ত্বকের সমস্যা ও তীব্র কাশিসহ বিভিন্ন অসুস্থতা শনাক্ত করেন।সীতা বাদি নেপালের প্রান্তিক বাদি সম্প্রদায় থেকে উঠে আসা প্রথম মন্ত্রী। শৈশবে দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের মধ্যে বেড়ে ওঠা এই নারী পরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং ২০২৬ সালে মন্ত্রিসভায় স্থান পান।সূত্র: কাঠমান্ডু পোস্ট