চাঁদপুরে আবারও চালু হচ্ছে ‘দুই টাকার হাসপাতাল’
ডেস্ক রিপোর্ট: প্রায় এক বছর বন্ধ থাকার পর চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরান বাজার দাতব্য চিকিৎসালয় আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় মাত্র দুই টাকার টিকিটে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যেত এই চিকিৎসালয়ে। পুনরায় চালু হলে পুরান বাজারসহ আশপাশের দরিদ্র মানুষ আবারও স্বল্প খরচে প্রাথমিক চিকিৎসাসেবা পাবেন।জানা গেছে, ব্রিটিশ আমলে ১৯২০ সালে দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুরান বাজার দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ এক শতাব্দী ধরে এটি নিম্নআয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিতি পায়।পুরান বাজার এলাকায় দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নদীভাঙনে ঘরবাড়ি হারানো অনেক মানুষ বসবাস করেন। সংসারের ব্যয় মেটাতেই যাদের হিমশিম খেতে হয়, তাদের জন্য চিকিৎসকের ফি, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের খরচ বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এসব মানুষের কাছে তাই দাতব্য চিকিৎসালয়টি ছিল গুরুত্বপূর্ণ আশ্রয়।মাত্র দুই টাকার টিকিটে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় স্থানীয়দের কাছে এটি ‘দুই টাকার হাসপাতাল’ নামে পরিচিতি পায়। দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দেওয়ার পর চিকিৎসক সংকটসহ নানা সমস্যার কারণে গত বছর চিকিৎসালয়টি বন্ধ হয়ে যায়। এতে দরিদ্র রোগীদের চিকিৎসা নিতে ভোগান্তি বেড়ে যায়।চাঁদপুর পৌরসভার উদ্যোগে এখন চিকিৎসালয়টি আবার চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অস্থায়ী স্থাপনা নির্মাণ করে দ্রুত চিকিৎসাসেবা চালুর নির্দেশ দিয়েছেন চাঁদপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এরশাদ উদ্দিন।গত রোববার বিকেলে চিকিৎসালয়টি পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। একই সঙ্গে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত নিলামের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ওই স্থানে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।মো. এরশাদ উদ্দিন বলেন, ‘চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই দাতব্য চিকিৎসালয়টি পরিচালিত হয়েছে। কিছু সমস্যার কারণে মাঝখানে এটি বন্ধ ছিল। আমরা এটি আবার চালুর উদ্যোগ নিয়েছি, যাতে পুরান বাজার পৌরসভার পাঁচটি ওয়ার্ডের মানুষ প্রাথমিক চিকিৎসাসেবা পান।’তিনি আরও বলেন, স্থানীয় পত্রিকায় চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চিকিৎসক নিয়োগ সম্পন্ন হলে দ্রুতই চিকিৎসালয়টি চালু করা হবে।পৌর প্রশাসকের ভাষ্য, স্থানীয় মানুষের কাছে এই চিকিৎসালয়ের পরিচয় শুধু ‘দুই টাকার চিকিৎসালয়’ হিসেবে নয়; দীর্ঘদিন ধরে এটি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত।সূত্র: আমার দেশ