• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৫৮:১৫ (03-Aug-2026)
  • - ৩৩° সে:
ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে পতন

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সম্ভাব্য কূটনৈতিক সমাধানের আশা তৈরি হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে জানান, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে।তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে এসেছে ওয়াশিংটন।ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে।তার এই ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।রয়টার্সের তথ্য অনুযায়ী, ২ আগস্ট রোববার রাত পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৮ ডলার কমে ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে দাঁড়ায়।এর আগে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং ওমান উপকূলের কাছে তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর গত মাসে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।