• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:২১:০৮ (21-May-2026)
  • - ৩৩° সে:
দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করলেন ফাহাদ রহমান

দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করলেন ফাহাদ রহমান

স্পোর্টস ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। দীর্ঘদিনের অপেক্ষা শেষে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন তিনি।একই সঙ্গে ৯ রাউন্ডের প্রতিযোগিতায় ৭ পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও দেখিয়েছেন এই বাংলাদেশি দাবাড়ু।আর একটি জিএম নর্ম অর্জন করতে পারলেই গ্র্যান্ডমাস্টার খেতাব নিশ্চিত হবে ফাহাদের।প্রতিযোগিতার শেষ দুই রাউন্ডে কাঙ্ক্ষিত নর্ম পেতে তার প্রয়োজন ছিল ১ দশমিক ৫ পয়েন্ট। কঠিন সেই সমীকরণ সফলভাবে সামলে অষ্টম রাউন্ডে তিনি ইরানের আন্তর্জাতিক মাস্টার পোর আগা বালাকে পরাজিত করেন। এরপর ২০ মে বুধবার শেষ রাউন্ডে জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিজের সঙ্গে ড্র করে দ্বিতীয় জিএম নর্ম নিশ্চিত করেন।পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ নৈপুণ্য দেখান ফাহাদ। প্রতিযোগিতায় অংশ নেওয়া তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে জর্জিয়ার দুই গ্র্যান্ডমাস্টারকে হারান তিনি। এছাড়া হাঙ্গেরির এক সুপার গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে ড্র করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।ফাহাদ রহমান ২০১৯ সালে আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেন। এরপর ২০২৪ সালের মার্চে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পান।তুরস্ক থেকে ফোনে প্রথম আলোকে নিজের অনুভূতি জানিয়ে ফাহাদ বলেন, ‘অবশেষে কাঙ্ক্ষিত দ্বিতীয় নর্মটা পেলাম। এখানেই প্রথম টুর্নামেন্টের শেষ ম্যাচে জিতলে নর্ম হতো, কিন্তু তখন হেরে গিয়েছিলাম। তবে এবার সফল হলাম। আর একটি নর্ম পেলেই গ্র্যান্ডমাস্টার হয়ে যাব। আশা করছি, দ্রুতই সেটি অর্জন করতে পারব।’তিনি আরও বলেন, ‘অনেকবার নর্মের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছি। তাই এবার সফল হতে পেরে খুবই ভালো লাগছে।’