• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১০:৩০:২৫ (13-Mar-2026)
  • - ৩৩° সে:
ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পাশাপাশি  তারা হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে। নাইমুদ্দীন কোনো অপরাধ করেননি, তবুও তিনি হামলার শিকার হয়েছেন। রাস্তাঘাটে পুলিশ কাউকে বিনা কারণে মারবে, এই অধিকার কে তাদের দিয়েছে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।এ ছাড়া কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো— ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাস এলাকার ভেতরে–বাইরে সব প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।