নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
লালমনিরহাট প্রতিনিধি: সমাজে নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না। তাই নারী শিক্ষার ওপর আরও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।১৬ আগস্ট রোববার সকালে লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, নারী শিক্ষার প্রসারে অতীতে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে স্নাতক পর্যন্ত নারী শিক্ষাকে বিনামূল্যে করার পাশাপাশি উপবৃত্তিরও ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা খাতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বরাদ্দ দিচ্ছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সম্ভব, যখন নারী ও পুরুষ সমানভাবে শিক্ষা ও উন্নয়নের সুযোগ পাবে। তাই মেয়েদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে হবে।কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ. করিম সাদেকী রাজু। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ‘সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাট প্রকল্পটির বাস্তবায়ন করেছে। নতুন ভবন নির্মাণের ফলে কলেজের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রমে আরও সুযোগ-সুবিধা সৃষ্টি হবে বলে জানান সংশ্লিষ্টরা।