• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৩৫:২১ (28-Sep-2026)
  • - ৩৩° সে:
অবশেষে বিয়ের ছবি প্রকাশ না করার কারণ জানালেন তাপসী

অবশেষে বিয়ের ছবি প্রকাশ না করার কারণ জানালেন তাপসী

বিনোদন ডেস্ক: প্রায় তিন বছর হয়ে গেছে বিয়ের; অথচ এখনও নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি কিংবা ভিডিও প্রকাশ্যে আনেননি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত আয়োজন। বলিউডের পরিচিত মুখ হয়েও বিয়ের অনুষ্ঠানকে ঘিরে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তাপসী। এত দিন পর এবার সেই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন অভিনেত্রী।তাপসী ও ম্যাথিয়াসের বিয়ে নিয়ে বরাবরই ছিল গোপনীয়তা। ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে সেই সময়ও বিয়ের আয়োজন নিয়ে খুব বেশি তথ্য সামনে আনেননি দুজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও থেকে তাঁদের বিয়ের আভাস পাওয়া গেলেও তাপসী নিজে কখনো বিয়ের পূর্ণাঙ্গ ছবি বা ভিডিও প্রকাশ করেননি।সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তাপসী জানিয়েছেন, বিয়ে তাঁর কাছে একান্তই ব্যক্তিগত বিষয়। তাই সেটিকে জনসমক্ষে ঘোষণা করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি। তাপসীর কথায়, ‘কেন আমাকে প্রকাশ্যে বিয়ের ঘোষণা দিতে হবে? আমি সব সময় আমার ব্যক্তিগত ও পেশাগত জীবন আলাদা রেখেছি। এর মানে এই নয় যে আমি সেগুলো লুকাতে চাই, ভয় পাই কিংবা বিব্রত বোধ করি; কিন্তু আমি কখনোই ব্যক্তিগত বিষয় নিয়ে ঘোষণা দেওয়ার পথে হাঁটিনি।’অভিনেত্রীর কাছে বিয়ের মতো ব্যক্তিগত একটি মুহূর্তকে সংবাদ বিজ্ঞপ্তি কিংবা সাজানো ছবি-ভিডিওর মাধ্যমে প্রকাশ করা কিছুটা অস্বাভাবিক বলেই মনে হয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা ব্যক্তিগত বিষয়; আর আমি এটাকে ব্যক্তিগতই রাখতে চাই। সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা কিংবা ছবি ও ভিডিওর একটি ডেক সামনে রাখা—বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত লাগে।’তাপসীর এই সিদ্ধান্তের পেছনে শুধু নিজের ব্যক্তিগত পছন্দই নয়, স্বামী ম্যাথিয়াসের প্রতি তাঁর দায়বদ্ধতাও রয়েছে। ম্যাথিয়াস বোয়ে বিনোদনজগতের মানুষ নন। ডেনমার্কের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তাঁর নিজস্ব পরিচয় রয়েছে। তাই তাপসীর তারকা পরিচয়ের কারণে স্বামী ও তাঁর পরিবারকে অযাচিত জনসাধারণের নজরদারির মধ্যে ফেলতে চান না অভিনেত্রী।তাপসী মনে করেন, একজন অভিনেত্রী হিসেবে তাঁকে ঘিরে মানুষের আগ্রহ থাকতেই পারে। তাঁর কাজ, সিনেমা, অভিনয় কিংবা পেশাগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে; কিন্তু সেই আগ্রহ যেন তাঁর স্বামী ও তাঁর পরিবারের ব্যক্তিগত জীবনের ওপর গিয়ে না পড়ে, সেটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাপসীর সম্পর্কও দীর্ঘদিনের। দুজনের পরিচয় হয়েছিল ব্যাডমিন্টনকে ঘিরে। এরপর ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। প্রায় এক দশক ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। দীর্ঘ সম্পর্কের পর ২০২৪ সালে উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানে তাপসীর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানটি ছিল তারকাসুলভ জাঁকজমকপূর্ণ প্রকাশ্য আয়োজনের বদলে ব্যক্তিগত পরিসরে।তাপসীর বিয়ের ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত তাই নতুন নয়। বিয়ের পরও তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেননি; বরং নিজের অভিনয় ও কাজকেই সামনে রাখতে চেয়েছেন। তাঁর মতে, ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়া কোনো তারকার দায়িত্ব নয়।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস