ট্রাম্পের সতর্কতার পরও নিজেদের ‘স্বাধীন’ রাষ্ট্র দাবি তাইওয়ানের
আন্তর্জাতিক ডেস্ক: চীনের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘সার্বভৌম ও স্বাধীন’ রাষ্ট্র হিসেবে দাবি পুনর্ব্যক্ত করেছে তাইওয়ান।বেইজিংয়ে দুই দিনের বৈঠক শেষে ট্রাম্প বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান ইস্যুতে তিনি ‘কোনো দিকেই প্রতিশ্রুতি দেননি’। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করবেন কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করতে সহায়তা করার বাধ্যবাধকতা রয়েছে ওয়াশিংটনের। তবে একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও বজায় রাখতে হয় যুক্তরাষ্ট্রকে।এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তাইওয়ান নিজেকে আগেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।শনিবার দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র ক্যারেন কুও বলেন, তাইওয়ান যে ‘সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ’, সেটি ‘স্বতঃসিদ্ধ’। তবে তিনি জানান, চীনের সঙ্গে বর্তমান অবস্থা বজায় রাখতেই প্রতিশ্রুতিবদ্ধ তাইপে। অর্থাৎ, তাইওয়ান আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করবে না এবং চীনের সঙ্গে একীভূতও হবে না।সূত্র: রয়টার্স, ফক্স নিউজ।