• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:০৮:২৮ (15-Jul-2026)
  • - ৩৩° সে:
২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই দশক পর ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিরছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত ধর্মীয় মৌলবাদবিরোধী এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।১৪ জুলাই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তসলিমা নাসরিন নিজেই এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘২০ বছর পর এক মুক্ত বাংলায় প্রত্যাবর্তন।’আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেক্যুলার মিশন, পশ্চিমবঙ্গের জন্য এবং হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স (এইচআরবিএফ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। মুক্তচিন্তা ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের অবস্থানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হবে।অনুষ্ঠানে তসলিমা নাসরিনের কবিতা আবৃত্তি, তার রচনার ওপর ভিত্তি করে সাংস্কৃতিক পরিবেশনা এবং নির্বাসিত জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আয়োজক কমিটির সদস্যদের দাবি, তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে প্রবেশে আইনগত কোনো বাধা ছিল না। তবে অতীতে বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে তার কলকাতায় ফেরা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করে অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যবস্থা করা হচ্ছে বলেও তারা জানিয়েছেন।ভারতে তসলিমা নাসরিনের ভিসা নবায়ন নিয়ে ২০২৪ সালে অনিশ্চয়তা তৈরি হলেও পরে তা সমাধান হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মহল থেকে তার কলকাতায় ফেরার দাবিও ওঠে।উল্লেখ্য, ১৯৯৪ সালে ‘লজ্জা’ উপন্যাস প্রকাশের পর তীব্র বিতর্কের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। পরে তিনি দীর্ঘ সময় ইউরোপ ও ভারতে বসবাস করেন। ২০০৪ সালে কলকাতায় বসবাস শুরু করলেও ২০০৭ সালে ‘দ্বিখণ্ডিত’ প্রকাশকে ঘিরে বিতর্কের পর তাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়। এরপর দীর্ঘ সময় কলকাতায় তার ফেরা হয়নি।সূত্র: দ্য হিন্দু