• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৩১:৪৮ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
আ. লীগ ও তরিকতের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আ. লীগ ও তরিকতের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রায় ৭০০ কর্মী এবং আওয়ামী লীগের এক হাজারের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে তাদের স্বাগত জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।আয়োজকরা জানান, তরিকত ফেডারেশনের কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব ও বরুড়া উপজেলা শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় ৭০০ কর্মী বিএনপিতে যোগ দেন।এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া, আগানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির এবং শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল দাসসহ এক হাজারের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে জাকারিয়া তাহের সুমন বলেন, তিনি ভালো মনের মানুষদের দলে যুক্ত করতে চান। একই সঙ্গে দলের ভাবমূর্তি বা তার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে না জড়ানোর জন্য নতুনদের প্রতি আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বরুড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সূত্র: দেশ রূপান্তর