• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২৫:১২ (25-Nov-2026)
  • - ৩৩° সে:
যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থায় সাইবার হামলা, তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থায় সাইবার হামলা, তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর (ওডিএনআই) ব্যবহৃত একটি গোয়েন্দা তথ্য বিশ্লেষণব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে অশ্রেণিবদ্ধ কিছু তথ্য ফাঁস হয়েছে। তবে অত্যন্ত সংবেদনশীল বা গোপনীয় গোয়েন্দা তথ্য হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।২৪ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। রয়টার্সও বিষয়টি নিশ্চিত করে। সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, হামলার শিকার ব্যবস্থাটি মূলত উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে ব্যবহৃত হতো।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট, স্যাটেলাইটের ছবি এবং বাণিজ্যিকভাবে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন দেশের রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে এ ধরনের ব্যবস্থা ব্যবহার করে।এ হামলায় ঠিক কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এমনকি হামলাকারীরা কীভাবে ব্যবস্থাটিতে প্রবেশ করেছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কোনো শ্রেণিবদ্ধ বা গোপনীয় গোয়েন্দা তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি।জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গুরুত্বপূর্ণ সক্ষমতা বা শ্রেণিবদ্ধ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি।’ অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলা একটি সূত্র জানিয়েছে, আক্রান্ত ব্যবস্থার সমস্যার সমাধান করা হয়েছে।হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও কোনো নির্দিষ্ট দেশ বা হ্যাকার গোষ্ঠীকে এ ঘটনার জন্য দায়ী করেননি।সিআইএ ও ওডিএনআইয়ের ব্যবস্থায় হামলার ঘটনাটি যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন সংস্থায় সাম্প্রতিক সাইবার নিরাপত্তা বিপর্যয়ের ধারাবাহিকতায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে।এর আগে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যকেন্দ্রের তথ্যভান্ডারে অননুমোদিত প্রবেশের ঘটনা প্রকাশ্যে আসে। এ তথ্যভান্ডারটি কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অপরাধসংক্রান্ত তথ্য আদান-প্রদানে ব্যবহার করে।এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের কয়েকটি অভ্যন্তরীণ ব্যবস্থায় নিরাপত্তা সমস্যার কারণে সাময়িকভাবে কিছু সেবা বন্ধ রাখতে হয়েছিল। এসব ব্যবস্থার মধ্যে কৃষকদের আর্থিক সহায়তা ও কৃষিঋণ ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত ব্যবস্থাও ছিল।সম্প্রতি পেন্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গেও সাইবার নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন ঘটনার খবর সামনে এসেছে।তবে এসব ঘটনার সঙ্গে সিআইএ ও ওডিএনআইয়ের ব্যবস্থায় হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিশেষজ্ঞদের মতে, শ্রেণিবদ্ধ তথ্য ফাঁস না হলেও উন্মুক্ত উৎসের তথ্য বিশ্লেষণব্যবস্থায় অনুপ্রবেশ গুরুত্বপূর্ণ নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। কারণ, গোয়েন্দা বিশ্লেষকেরা কোন বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন এবং কোন তথ্য নিয়ে কাজ করছেন, তা জানা গেলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অগ্রাধিকার ও নজরদারির ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।এটিভি/এসআইআর