• ঢাকা
  • |
  • সোমবার ১লা ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৫৭:৪৪ (17-Aug-2026)
  • - ৩৩° সে:
প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই, তথ্যমন্ত্রীর শোক

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই, তথ্যমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট: প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান আর নেই।১৬ আগস্ট রোববার রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও  আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। এর আগে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসা নেন।আজ বাদ এশা মিরপুর-২-এর মসজিদ-ই-ফেরদৌসে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানিয়েছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে।নূরুল হাসান খান দেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ছাড়াও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাথে যুক্ত ছিলেন।প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এ ছাড়া নুরুল হাসান খানের মৃত্যুতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ূব ভুঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী গভীর শোক প্রকাশ করেছেন।সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।