সৈয়দপুরে আগুনে পুড়ল ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২ মার্চ সোমবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ব্যবসায়ী একরামুল হক জানান, তার লেপ তোশকের দোকানে হঠাৎ দাউ-দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানসহ ঢাকা ব্যাংকে। অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে ব্যবসায়ী ও সাধারণ জনগণ ছুটে এলেও তারা শুধু চেয়ে চেয়ে দেখেছে। কারণ পানির অভাবে অনেকটা চোখের সামনেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রতিষ্ঠানগুলো।এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে ঘটনা স্থলে। কিন্তু পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু তারাও পড়ে পানি সংকটে।স্থানীয় সূত্রে জানা যায়, শহরের মধ্যে কোনো জলাশয় নেই। নেই কোনো পুকুর। তাই পানি সরবরাহ ঠিকমতো না থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীর সদস্যদের। মোট ৫টি ইউনিট প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতক্ষণে সব পুড়ে ভষ্মিভুত হয়ে যায়।স্থানীয় বাসিন্দা মো. ইয়াসিন আলী সরকার বলেন, শহরে কোনো জলাশয় নেই। আগুন নিয়ন্ত্রণে প্রথমে পানির প্রয়োজন। আর সেই পানি সংকট এ শহরে। ফায়ার সার্ভিসের আধুনিক পানিবাহী গাড়ি নেই। তারপরও তারা যতটুকু সম্ভব কাজ করে থাকে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে হলে পৌর পরিষদকে পরিকল্পনা করতে হবে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হল তা জানা যায়নি।অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান, সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ। ক্ষতির বিষয়ে সৈয়দপুর ঢাকা ব্যাংকের ব্যবস্থাপকের সাথে কথা হলে তিনিও কিছু বলতে পারছেন না।