যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে সতর্কবার্তা, স্থায়ী নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দূতাবাসের
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে দেশটি থেকে বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে সেখানে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।২১ নভেম্বর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, ‘আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।’যুক্তরাষ্ট্রের অভিবাসনবিষয়ক নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির ভিসার মেয়াদ এবং দেশটিতে অবস্থানের অনুমোদিত সময়সীমা এক নয়। ভিসার মেয়াদ মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করার সুযোগের সময়সীমা নির্দেশ করে। অন্যদিকে, দেশটিতে প্রবেশের পর কত দিন থাকা যাবে, তা নির্ধারণ করেন বিমানবন্দর বা সীমান্তে দায়িত্বপ্রাপ্ত অভিবাসন কর্মকর্তা।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অবস্থানের অনুমোদিত সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে পাসপোর্টে দেওয়া প্রবেশের সিল অথবা আই-৯৪ (আগমন ও প্রস্থানসংক্রান্ত নথি) গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময় অতিক্রম করে অবস্থান করলে ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে এবং সাধারণত ভিসা বাতিলও হতে পারে।এটিভি/এসআইআর