মেসির বিদায় নিয়ে ডি মারিয়ার আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসিকে শ্রদ্ধাপূর্ণ বিদায় বার্তা জানিয়েছেন আর্জেন্টিনার আরেক তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির বিদায়ী বার্তাটি শেয়ার করে ডি মারিয়া লিখেছেন, ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক।আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন মেসি ও ডি মারিয়া। এই জুটির হাত ধরেই দীর্ঘ অপেক্ষার পর একের পর এক বড় সাফল্য পেয়েছে আলবিসেলেস্তেরা। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আন্তর্জাতিক শিরোপার খরা কাটান তারা। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে সাফল্যের স্বাদ পান দুই বন্ধু।২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ওই টুর্নামেন্ট জয়ের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া।এবার তার দীর্ঘদিনের সতীর্থ মেসিও জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন।ইনস্টাগ্রামে দেওয়া বিদায়ী বার্তায় মেসি লিখেছেন, ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।এই সিদ্ধান্তকে অত্যন্ত কঠিন উল্লেখ করে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে। তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে।দেশের জার্সির প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেছেন মেসি। তিনি বলেন, আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি। কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয়, যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজার করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।মেসির বিদায়ের ঘোষণার পর ডি মারিয়ার এই সংক্ষিপ্ত বার্তায় ফুটে উঠেছে দুই তারকার দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং আর্জেন্টিনার হয়ে একসঙ্গে গড়ে তোলা স্মরণীয় এক অধ্যায়ের আবেগ।