চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে টাইফুন ডলফিন
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’। প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টিতে ঝেজিয়াংসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে। অতিভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স এ তথ্য জানিয়েছে।৯ আগস্ট রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের কাছে স্থলভাগে আঘাত হানে টাইফুনটি। ওই সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫১ কিলোমিটার।ঝড়ের প্রভাবে ঝেজিয়াং, সাংহাই, ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝেজিয়াংয়ের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এতে ছোট নদীগুলো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পাশাপাশি বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।ঝড়ের ঝুঁকি মোকাবিলায় চীনের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝেজিয়াংয়ের ওয়েনঝৌ শহর থেকেই ৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফুজিয়ান প্রদেশেও প্রায় ৯৯ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়েনঝৌতে এক হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।টাইফুনের কারণে পূর্ব চীনের যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সাংহাইয়ে প্রায় ১ হাজার ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন এলাকায় ফেরি ও নৌযান চলাচল বন্ধের পাশাপাশি কিছু রেল পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। ফুজিয়ান উপকূলে ৫৫টি যাত্রীবাহী ফেরি রুট বন্ধ রাখা হয়েছে।চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র টাইফুনের কারণে বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের বন্যা ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।রয়টার্স জানিয়েছে, টাইফুন ডলফিন চলতি বছরে চীনের আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি। স্থলভাগে ওঠার পরও এর প্রভাবে কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।