• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৪:৪৯ (24-Aug-2026)
  • - ৩৩° সে:
ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

ডেস্ক রিপোর্ট: যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানো এবং পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ঢাকার সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরিধি বাড়ানো হচ্ছে। পরীক্ষামূলকভাবে ১৩টি মোড়ে এ প্রযুক্তি চালুর পর এবার রাজধানীর আরও ৫০টি সিগন্যাল পয়েন্টে এআই ক্যামেরা ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা যুক্ত করা হচ্ছে।নতুন ৫০টি পয়েন্টের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২টি পয়েন্ট রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তত্ত্বাবধানে তৈরি এই প্রযুক্তি যানবাহনের চাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল নিয়ন্ত্রণে সহায়তা করবে।নতুন ব্যবস্থার অন্যতম সুবিধা হলো, সিগন্যাল পরিচালনার জন্য সার্বক্ষণিক কোনো অপারেটরের প্রয়োজন হবে না। সড়কে যানবাহনের চাপ পর্যবেক্ষণ করে প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে সিগন্যালের সময় নির্ধারণ করবে। তবে প্রয়োজন হলে ট্রাফিক পুলিশ সদস্যরা ট্যাবের মাধ্যমে সিগন্যাল পরিবর্তন করতে পারবেন।সংশ্লিষ্টরা বলছেন, এআই-নির্ভর সিগন্যাল চালু হওয়ায় চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ছে। অনেক চালকও মনে করছেন, স্বয়ংক্রিয় নজরদারি ও আইন ভঙ্গের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আশঙ্কা তাদের আরও সতর্ক করছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করে মানুষকে সড়ক ব্যবস্থাপনার নিয়মের মধ্যে আনা সহজ নয়। তবে নতুন প্রযুক্তিভিত্তিক এই ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।তবে এআই-নির্ভর সিগন্যাল ব্যবস্থার কার্যকারিতা নিয়ে মাঠপর্যায়ে কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা। তাদের মতে, ফুটপাত দখল, যত্রতত্র রাস্তা পারাপার, ফিটনেসবিহীন যানবাহন এবং ব্যাটারিচালিত রিকশার উপস্থিতির কারণে অনেক সময় সিগন্যাল ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়।প্রযুক্তিটি নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য নতুন লোকবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিগন্যাল ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও তদারকির জন্য ট্রাফিক পুলিশের ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে।সূত্র: আরটিভি