• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫০:২০ (05-Sep-2026)
  • - ৩৩° সে:
কেনিয়াতে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানির পর টাটার ব্যবসায়ও বন্ধ

কেনিয়াতে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানির পর টাটার ব্যবসায়ও বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় ভারতীয় শিল্পগোষ্ঠী টাটার ব্যবসা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো টাটা কেমিক্যালসকে লেক মাগাদি এলাকায় তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। তাঁর অভিযোগ, প্রায় এক শতাব্দী ধরে সেখানে কার্যক্রম চালালেও প্রতিষ্ঠানটি কেনিয়ার স্থানীয় অর্থনীতি ও শিল্পায়নে প্রত্যাশিত অবদান রাখেনি।রুটো জানিয়েছেন, টাটা কেমিক্যালসের জায়গায় দুটি নতুন প্রতিষ্ঠানকে আনা হবে। তারা কাঁচামাল শুধু উত্তোলন না করে কেনিয়াতেই কাচ ও রাসায়নিক পণ্য তৈরির কারখানা স্থাপন করবে। এর মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও শিল্প উৎপাদন বাড়ানোর লক্ষ্য রয়েছে সরকারের।টাটা কেমিক্যালসের বিরুদ্ধে কেনিয়ার এই অবস্থান এমন সময়ে এলো, যখন দেশটিতে ভারতীয় আদানি গোষ্ঠীর ব্যবসা নিয়েও বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল। ফলে পরপর দুটি ঘটনায় কেনিয়ায় ভারতীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবসা নিয়ে প্রশ্ন উঠেছে।তবে কেনিয়ার কর্তৃপক্ষের অভিমত, বিষয়টিকে সরাসরি ভারতবিরোধী অবস্থান হিসেবে দেখার সুযোগ কম। কেনিয়ায় এখনো ভারতীয় বিনিয়োগ রয়েছে এবং দেশটি বিদেশি বিনিয়োগ আকর্ষণেও আগ্রহী। বরং টাটা ইস্যুটি কেনিয়ার প্রাকৃতিক সম্পদের স্থানীয় ব্যবহার, স্থানীয় শিল্পায়ন এবং দেশটির অর্থনীতিতে বিদেশি কোম্পানির অবদানের বিষয়টিকে সামনে এনেছে।টাটা কেমিক্যালস জানিয়েছে, তারা কেনিয়ার আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলবে এবং কর্মী ও মাগাদি এলাকার মানুষের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।সূত্র:  রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস