মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক: আইনি ও প্রশাসনিক জটিলতা এড়াতে আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে এবার সিদ্ধান্ত বদলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্কের ঐতিহ্যবাহী জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে না তাকে বহনকারী রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’।ইসরায়েলি জনপ্রিয় দৈনিক ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চঞ্চলকর তথ্য। এতে বলা হয়, আগামীকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নেতানিয়াহুকে বহনকারী ভিআইপি বিমানটি নিউইয়র্কে অবতরণ না করে পাশের রাজ্য নিউজার্সির একটি বিমানবন্দরে নামতে পারে।এর নেপথ্যে রয়েছে নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির কঠোর অবস্থান ও একরাশ শঙ্কা। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা হত্যাকাণ্ডের অভিযোগে আগেই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে। মেয়র জোহরান মামদানি বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নেতানিয়াহু নিউইয়র্কের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতারের আইনি পদক্ষেপ নেওয়া হবে।এছাড়া, বিমানটি বিমানবন্দরে পার্কিং করে রাখার বিষয়ে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের সঙ্গে নানা ‘সমন্বয়হীনতা’ দেখা দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা ও সফরসঙ্গীদের ভয়— মেয়র মামদানি হয়তো বিমানটিকে জেএফকে বিমানবন্দরে নামার পরপরই অতি দ্রুত রানওয়ে ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিতে পারেন। এই টানাপোড়েন এড়াতেই এখন বিকল্প হিসেবে নিউজার্সির কোনো সামরিক ঘাঁটি কিংবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ‘উইং অব জায়ন’ অবতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও জানা যায়, মার্কিন মুলুকে সাধারণ মানুষের ক্ষোভ ও বিশাল বিক্ষোভের শঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নিউইয়র্কে অবস্থানের সময়সীমা তিনি অনেকটাই ছেঁটে ফেলেছেন। বিক্ষোভকারীদের তোপ থেকে বাঁচতে তিনি নিউইয়র্কে কোনোভাবেই রাত কাটাবেন না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছেন। সফরসূচি এতটাই সংক্ষিপ্ত করা হয়েছে যে, কাজ শেষ করেই তিনি দ্রুত প্রস্থান করবেন।কেবল নিউইয়র্কের কর্মসূচিই নয়, ভেস্তে গেছে নেতানিয়াহুর বহুল আলোচিত টেক্সাস সফরও। সেখানে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে তার একটি পূর্বনির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটিও বাতিল করা হয়েছে।