• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:১২:৪৯ (08-Aug-2026)
  • - ৩৩° সে:
অবশেষে জেন-জিদের নিয়ে নিজের মত বদলালেন কঙ্গনা

অবশেষে জেন-জিদের নিয়ে নিজের মত বদলালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: জেন-জি প্রজন্মকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কয়েক দিন পর নিজের অবস্থান থেকে সরে এসে তরুণদের প্রশংসা করেছেন ভারতের বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার তিনি জেন-জিকে দেশের শক্তি ও গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন।সম্প্রতি ভারতের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে কঙ্গনা আন্দোলনে অংশ নেওয়া তরুণদের একাংশের সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি তাদের ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলেও মন্তব্য করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।তবে ৭ আগস্ট শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিন্ন সুরে কথা বলেন মান্ডির এই বিজেপি সাংসদ। তিনি বলেন, পুরো জেন-জি প্রজন্মকে কয়েকজনের আচরণের ভিত্তিতে বিচার করা উচিত নয়। তাঁর ভাষ্য, জেন-জি দেশের শক্তি এবং তরুণদের একটি বড় অংশ ইতিবাচকভাবে দেশের জন্য কাজ করছে।কঙ্গনা আরও বলেন, তরুণরা ভারতীয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের নতুন দূত হিসেবে উঠে আসছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে তরুণদের ইতিবাচক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।কঙ্গনার এই অবস্থান পরিবর্তনের সময়ের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের মিল রয়েছে। সম্প্রতি তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনায় ভাগবত জেন-জি ও জেন-আলফার মতামত গুরুত্ব দিয়ে শোনার প্রয়োজনীয়তার কথা বলেন।এর পরই কঙ্গনার বক্তব্যের সুর বদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর অবস্থান পরিবর্তনের পেছনে ভাগবতের বক্তব্য সরাসরি কারণ হিসেবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।