প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। এ ছাড়া বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে প্রাণিসম্পদ খাতের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।এ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ডেইরি ও পোলট্রি শিল্প, প্রাণিস্বাস্থ্য, পশুখাদ্য, ভেটেরিনারি প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।মেলা প্রাঙ্গণে ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। প্রদর্শনীর পাশাপাশি রয়েছে ফুড ফেস্টিভ্যাল, রেসিপি প্রতিযোগিতা, র্যাম্প শো ও সড়ক র্যালিসহ নানা আয়োজন।জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সেমিনার, সচেতনতামূলক প্রচার ও বিভিন্ন প্রদর্শনী।এটিভি/এসআইআর