• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৫২:৩৮ (13-Oct-2026)
  • - ৩৩° সে:
লটারির মাধ্যমে ১৪৩১ জনকে বদলি-পদায়ন করা হয়েছে: গণপূর্তমন্ত্রী

লটারির মাধ্যমে ১৪৩১ জনকে বদলি-পদায়ন করা হয়েছে: গণপূর্তমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।তিনি বলেন, কাউকে হয়রানি না করা, বদলি বাণিজ্য বন্ধ করা, সুশাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত লটারির মাধ্যমে ১ হাজার ৪৩১ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।১৩ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন কার্যক্রম নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।জাকারিয়া তাহের বলেন, বদলি ও পদায়নের ক্ষেত্রে মানবিক দিকও বিবেচনা করা হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তারা।এদিকে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সেখানে সিদ্ধান্ত পাওয়া গেলে বর্তমান সরকারের মেয়াদেই স্থানান্তরের কাজ পুরোপুরি সম্পন্ন করার চেষ্টা করা হবে।তিনি আরও বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠে পুরো সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা, এ মেয়াদেই কাজটি সম্পন্ন করে সেখানে অফিস করা।বর্তমান সচিবালয়ের জায়গা পর্যাপ্ত নয় উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, কয়েকটি মন্ত্রণালয় সচিবালয়ের বাইরে রয়েছে। পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই এবং সব মন্ত্রণালয়কে প্রয়োজনীয় জায়গা দেওয়া যাচ্ছে না। এ ছাড়া ভবনগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়।তিনি বলেন, বর্তমান জায়গায় থাকলেও প্রতিটি ভবন নতুন করে নির্মাণ করতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। আগারগাঁওয়ে সচিবালয় নির্মাণের জন্য আনুমানিক ৩০ থেকে ৩২ লাখ বর্গফুট জায়গা নিয়ে কাজ চলছে।