• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:০০:১১ (25-May-2026)
  • - ৩৩° সে:
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী

ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ। বাংলাদেশের মাটি ও মানুষের হৃদয়ের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী।কখনও বিদ্রোহের আগুন, কখনও প্রেমের কোমলতা—এক মানুষেই হাজার অনুভূতির প্রকাশ কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছেন।ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল দৃঢ়। তাঁর লেখায় বারবার উঠে এসেছে সাম্য, মানবতা ও মানুষের মর্যাদার কথা। ‘মানুষের চেয়ে বড় কিছু নেই’ এই দর্শন তাঁর সাহিত্যকর্মের মূল ভিত্তি।নজরুলের সাহিত্য ও সংগীতে হিন্দু-মুসলিম ঐতিহ্যের সমন্বয় দেখা যায়। তাঁর রচনায় যেমন কোরআনের অনুপ্রেরণা রয়েছে, তেমনি শ্যামা-কালী ও কৃষ্ণভক্তির গানও স্থান পেয়েছে।তাঁর কবিতা, গান, নাটক ও প্রবন্ধে উঠে এসেছে শ্রমজীবী মানুষের কষ্ট, নারীর অধিকার এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার পূর্ব পর্যন্ত মাত্র ৪৩ বছরের জীবনে তিনি দুই হাজারেরও বেশি গান এবং অসংখ্য কবিতা ও সাহিত্যকর্ম বাংলা ভাষাকে উপহার দিয়েছেন।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে পশ্চিমবঙ্গ থেকে সপরিবারে ঢাকায় আনা হয় কবিকে। দীর্ঘ অসুস্থতার পর ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ইচ্ছানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।নজরুলের সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ শ্রদ্ধা জানাতে যান।