সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করে জকসুর প্রতিবাদ
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সংগঠনটি এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।৭ মার্চ শনিবার জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক রাকিব, পরিবহন সম্পাদক মাহিদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম এবং সদস্য সাম্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ দুপুর দেড়টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ভবনে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের দখলদারিত্ব বজায় রাখতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ হামলা চালায়।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অতর্কিত এ হামলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত একাধিক সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো, যায়যায়দিনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন।ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে জকসু এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা ও বানোয়াট’ আখ্যা দিয়ে তারও প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে বলা হয়, শিবিরের এই দুই নেতাকে কেন্দ্র করে জকসুর ব্যানার ব্যবহার করে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, সে বিষয়ে জকসু অবগত নয়। ফলে তারা জকসুর পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলেও উল্লেখ করা হয়। তাদের অবিলম্বে পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আহ্বান জানানো হয়েছে।জকসু আরও জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী এই সংগঠন কোনো রাজনৈতিক দলের লেজুড়ভিত্তিক ছাত্রসংগঠনের স্বার্থে কাজ করে না।