• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৪৪:৫৪ (27-Apr-2026)
  • - ৩৩° সে:
১৬ বছর পর আজ সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

১৬ বছর পর আজ সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান। আজ ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যা থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করবে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।২৬ এপ্রিল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।তিনি বলেন, ২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য ও বিনোদনের সমন্বয়ে যাত্রা শুরু করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকের চাহিদা, দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব—এই নীতিতে প্রতিষ্ঠানটি অটল ছিল বলেও উল্লেখ করেন তিনি।তার দাবি, সংবাদের দলনিরপেক্ষতা ও নৈতিকতার প্রতি অবিচল অবস্থানের কারণে চ্যানেল ওয়ান অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করেছিল।প্রসঙ্গত, সম্প্রচার শুরুর চার বছর পর ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির দাবি, তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণেই চ্যানেলটি বন্ধ করা হয়েছিল।দীর্ঘ বিরতির পর পুনরায় সম্প্রচারে ফেরাকে নতুন সূচনা হিসেবে দেখছে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ।