আরও একধাপ এগোল পে স্কেল, চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ের
অনলাইন ডেস্ক: জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগের বাস্তবায়ন শাখা। এর মধ্য দিয়ে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল।৭ অক্টোবর বুধবার উপসচিব সারমিন সুলতানার স্বাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গেজেটের দুই কপি পাঠানো হয়েছে।এতে আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর জারি করা এস, আর, ও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হয়েছে।এর আগে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গত ১৯ সেপ্টেম্বর জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ নতুন বেতন কাঠামোর বিস্তারিত তুলে ধরা হয়।নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।নতুন এই বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। এটি তিন ধাপে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে নতুন কাঠামো অনুযায়ী চাকরিজীবীরা তাদের প্রাপ্য বকেয়া বেতনও পাবেন।