• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২৮:০৩ (29-Jun-2026)
  • - ৩৩° সে:
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বিনোদন ডেস্ক: দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও টেলিভিশন ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৯ জুন সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করেন। তার স্ত্রী মেরী মনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মুস্তাফা মনোয়ার। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরে কিছুটা সুস্থ হলেও সম্প্রতি নিউমোনিয়ার জীবাণুতে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।মুস্তাফা মনোয়ার কর্মজীবনের শুরুতে তৎকালীন আর্ট কলেজে শিক্ষকতা করেন। পরে পাপেট শোর পথিকৃৎ হিসেবে খ্যাতি অর্জন করেন। শিশুদের জন্য নির্মিত তার টেলিভিশন অনুষ্ঠানগুলো কয়েক প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে।১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।তার মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন।সূত্র: ঢাকা পোস্ট