• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৭:০২ (29-Nov-2026)
  • - ৩৩° সে:
আরাম-আয়েশের সুযোগ: ডায়েট থেকে অব্যাহতি পেল চিতা ‘পান বাওবাওকে’

আরাম-আয়েশের সুযোগ: ডায়েট থেকে অব্যাহতি পেল চিতা ‘পান বাওবাওকে’

অনলাইন ডেস্ক: চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া অতিরিক্ত ওজনের চিতাবাঘ পান বাওবাওয়ের ডায়েট বন্ধ করে দেওয়া হয়েছে। বয়স বেড়ে যাওয়ায় আর তার ওজন কমানোর চেষ্টা করা হচ্ছে না; বরং প্রাণীটির সামগ্রিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান ভালো রাখাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে সংশ্লিষ্ট চিড়িয়াখানা কর্তৃপক্ষ।১৮ থেকে ১৯ বছর বয়সী পান বাওবাও চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পানঝিহুয়া পার্ক চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ। বিশাল পেট আর স্থূলকায় গড়নের কারণে দর্শনার্থীদের কাছে সে বেশ পরিচিত। বিশেষ করে ২০২৪ সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ কিছু ভিডিও ভাইরাল হলে রাতারাতি তারকা বনে যায় চিতাবাঘটি।২০১৬ সালে মুক্তি পাওয়া ডিজনির অ্যানিমেটেড সিনেমা ‘জুটোপিয়া’র স্থূলদেহী চিতা চরিত্র অফিসার ক্লহাউজারের সঙ্গে পান বাওবাওয়ের চেহারার অদ্ভুত সাদৃশ্য রয়েছে। সেই মিলের কারণেই অনলাইনে ব্যাপক আলোচনায় আসে সে, যার ফলে চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়ও বাড়ে।পান বাওবাওয়ের জনপ্রিয়তা বাড়ার পর তার আবাসস্থলের পরিসর বাড়ায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং ওজন কমাতে বিশেষ ডায়েট শুরু করে। তবে বয়স বাড়ায় সেই উদ্যোগ থেকে সরে এসেছে তারা। উল্লেখ্য, বন্দিদশায় চিতাবাঘ সাধারণত ২০ বছরেরও বেশি সময় বাঁচে।গত ২৭ নভেম্বর শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে চিড়িয়াখানার এক কর্মী জানান, পান বাওবাও এখন বেশ বয়স্ক। এ অবস্থায় তার ওজন কমানো কঠিন হয়ে পড়েছে। তাই ওজন কমানোকে আর প্রধান লক্ষ্য হিসেবে না নিয়ে প্রাণীটির সামগ্রিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিশ্চিত করাই এখন মূল উদ্দেশ্য।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মী আরও বলেন, বয়সের কারণে পান বাওবাওয়ের চামড়া ঢিলে হয়ে গেছে, যা তাকে আগের চেয়েও বেশি স্থূল দেখায়। তার ভাষায়, জোর করে ওজন কমানোর চেষ্টা করলে উল্টো প্রাণীটির স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।‘জুটোপিয়া’র অফিসার ক্লহাউজার ডোনাট খেতে ভালোবাসলেও বাস্তবে পান বাওবাওয়ের খাবার পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত। ওই কর্মী জানান, প্রতিদিন প্রায় এক পাউন্ড গরুর মাংসের পাশাপাশি কিছু মুরগির মাংস খায় সে।তিনি আরও বলেন, ক্ষুধা নিবারণের পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয়—এমন পরিমাণেই খাবার দেওয়া হয় পান বাওবাওকে। ওজন কমানোর জন্য আর আলাদা করে খাবার নিয়ন্ত্রণে রাখা হবে না।চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, জীবনের এই পর্যায়ে ওজন কমানোর চেয়ে পান বাওবাওয়ের সুস্থতা এবং স্বাচ্ছন্দ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।এটিভি/আরএম