• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৩৯:৫২ (20-Aug-2026)
  • - ৩৩° সে:
পূর্বাচল থেকে চোখ-মুখ বাঁধা চিকিৎসক উদ্ধার

পূর্বাচল থেকে চোখ-মুখ বাঁধা চিকিৎসক উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় হাসিবুর হাসান (৪৩) নামে এক চিকিৎসককে উদ্ধার করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) টহল দল।১৯ আগস্ট বুধবার রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার-ভিডিপি গার্ডের একটি টহল দল তাকে উদ্ধার করে।আনসার-ভিডিপির এক বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় জলসিঁড়ি এলাকার একটি ফার্মেসিতে রোগী দেখতে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোডে যানবাহনের অপেক্ষায় ছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে এক চালক তাকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নেন।গাড়িতে ওঠার পরপরই ভেতরে থাকা একটি সংঘবদ্ধ চক্র চিকিৎসকের ওপর চড়াও হয়। পরে জোর করে তার হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে অপহরণকারীরা।বিবৃতিতে আরও বলা হয়, অপহরণকারীরা চিকিৎসকের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।পরে রাতে পূর্বাচলের একটি নির্জন জঙ্গলে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় চিকিৎসককে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।এ সময় ওই এলাকায় রাতের টহলে থাকা রাজউক আনসার-ভিডিপি গার্ডের সদস্যরা ঝোপঝাড়ের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় চিকিৎসক হাসিবুরকে উদ্ধার করেন তারা।সূত্র: কালের কণ্ঠ