চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের আরও ৭ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় আবারও স্থবির হয়ে পড়েছে আকাশপথে ফ্লাইট চলাচল। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও।২৮ মার্চ শনিবার এ বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত মোট ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি আগমন (অ্যারাইভাল) ও ১টি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহাগামী ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট রুটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটে ৫টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি।তিনি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২০৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।