মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: কল-কারখানাগুলোতে আগের মতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে তৈরি হওয়া সংকটের সুরাহা মঙ্গলবার রাত থেকেই হতে পারে।১৪ সেপ্টেম্বর সোমবার সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আশ্বাস পাওয়ার কথা জানান এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক।তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এইটা আমাদের মনে হয় যে আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।এর আগে সংকট কাটিয়ে দেশে গ্যাসের সরবরাহ কয়েক দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও।তিনি বলেছিলেন, সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে আমদানি ব্যবস্থার ফলে আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ পূর্বের অবস্থায় ফিরবে।