আজ থেকে ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে, আতঙ্কিত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার
ডেস্ক রিপোর্ট: আজ ৪ নভেম্বর বুধবার থেকে টানা চার দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে। তবে এ সময় কোথাও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি থাকছে প্রায় ১ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট।মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি ও দেশীয় প্রতিষ্ঠান সামিট এলএনজির ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। গত বছরের ডিসেম্বরে রক্ষণাবেক্ষণের কাজ করা হলেও এবার নভেম্বরের শুরুতেই সেই কাজ করছে সামিট এলএনজি।শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দুই দিনের সঙ্গে আরও দুই দিন লাগবে এ কাজ শেষ করতে। এ কারণে এলএনজি সরবরাহ দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট কমবে।পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. শোয়েব বলেন, মোট সরবরাহের মাত্র ৩২০ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিড থেকে বন্ধ থাকবে। আমাদের জাতীয় গ্রিডে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ থাকবে। ফলে, কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।গত ১ নভেম্বর বিজ্ঞপ্তি দিয়ে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন গ্যাসের চাপ কম থাকার কথা জানিয়েছিল পেট্রোবাংলা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে গুজব ছড়িয়েছেন। এ পরিস্থিতিতে গ্রাহকদের আশ্বস্ত করে পেট্রোবাংলা জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই।মো. শোয়েব আরও বলেন, বন্ধ হওয়ার কথা নেই। গ্রাহকরা যাতে কোনভাবেই আতঙ্কিত এবং বিভ্রান্ত না হয়।তবে নির্ধারিত সময়ের মধ্যেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত গ্যাস লাইনে না আসবে, ততক্ষণ পর্যন্ত, কোন কিছু নির্দিষ্ট করে বলা কঠিন।পেট্রোবাংলা জানিয়েছে, দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার।এটিভি/এসআইআর