হকার্স মার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেট সংলগ্ন এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সদর থানাধীন ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম শুভ দাস (৩০)। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তবে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এসআই মো. কাজল মিয়া ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত কিংবা হত্যার পেছনের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।