নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
অনলাইন ডেস্ক: দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয় ও নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে সরকার।দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।ঢাকাসহ সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছেন।পুলিশের তথ্যমতে সরকার বিরোধী আন্দোলনে ১-২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানা, পুলিশ বক্স, হাসপাতাল, পরিবহন, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখাসহ সরকারি ও জনসেবামূলক স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) কামারুম মুনিরা বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছে পুলিশ প্রশাসন। চলমান সন্ত্রাসী কর্মকান্ড ও নাশকতা ঠেকাতে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত ও নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।এ বিষয়ে বিজিবি সদর দপ্তরের উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে মোট ৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।এর আগে, ঢাকা মহানগরীসহ দেশের ৮টি জেলায় ৯০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন ও কক্সবাজারে ৬ প্লাটুন।কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শুধু মাঠপর্যায়ের টহলই নয়, পরিস্থিতি সামাল দিতে বিজিবি সদর দপ্তর থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারিও চালু করেছে সীমান্তরক্ষী এই বাহিনী।তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৩ প্লাটুন, নারায়ণগঞ্জ ৪ প্লাটুন, গোপালগঞ্জ ১৫ প্লাটুন, খুলনা ৪ প্লাটুন, ফরিদপুর ৫ প্লাটুন, মাদারীপুর ৪ প্লাটুন, শাতক্ষিরায় ২ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন ও শরীয়তপুর ৪ প্লাটুন।দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা মাঠপর্যায়ে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া প্রদানের প্রস্তুতিও বজায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সর্বোচ্চ সতর্কতা, দ্রুত সাড়া প্রদান এবং জনবান্ধব আচরণ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।পুলিশ সদরদপ্তর থেকে জানা গেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছর জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পুলিশ সদরদপ্তর থেকে ৮টি উপকমিটি করা হয়। কমিটি ধাপে ধাপে তাদের কার্যক্রম পরিচালনা ও সুপারিশমালা প্রণয়ন করে।সুপারিশগুলোর মধ্যে রয়েছে- অপরাধ দমন, গোয়েন্দা নজরদারি, প্রযুক্তির ব্যবহার, অবৈধ অস্ত্র উদ্ধার ও পুলিশি সেবার আধুনিকায়ন। এছাড়াও রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস মোকাবিলা, রাজনৈতিক সংঘাত, উগ্রবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আগাম সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসা ও মানবপাচার প্রতিরোধ। সীমান্ত নিরাপত্তা জোরদার, সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ ও পাচার প্রতিরোধে নজরদারি বাড়ানো।পুলিশ সদরদপ্তর আরও জানায়, সুপারিশগুলোর মধ্যে আরও রয়েছে সংগঠিত অপরাধ ও গ্যাং দমন, কিশোর গ্যাং, সংঘবদ্ধ অপরাধী চক্র, খুন, ছিনতাই ও ডাকাতি নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনা। সাইবার ও আর্থিক অপরাধ দমন, অনলাইন প্রতারণা, জালিয়াতি, অনলাইন হয়রানি ও আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি।পুলিশের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, পুলিশের জনবল, প্রশিক্ষণ, লজিস্টিক সুবিধা ও মাঠপর্যায়ের কার্যক্রমের দক্ষতা বাড়ানো।প্রযুক্তিনির্ভর পুলিশিং, স্মার্ট ট্র্যাকিং সিস্টেম, বডি-ওর্ন ক্যামেরা, অনলাইন জিডি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ ও প্রশিক্ষণ ও কমিউনিটি পুলিশিং, মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিকতাভিত্তিক প্রশিক্ষণ ও পুলিশ-জনগণের সহযোগিতা বৃদ্ধি।এ ছাড়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বয় বাড়ানোর দায়িত্ব দেওয়া হয় বলে জানায় পুলিশ সদরদপ্তর। বাসসএটিভি/এসটিও