• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৪:৫৮ (11-Nov-2026)
  • - ৩৩° সে:
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে মার্কিন সেনাসদস্য গ্রেফতার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে মার্কিন সেনাসদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তা এবং সংবেদনশীল তথ্য সরবরাহের সন্দেহে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যকে ইংল্যান্ডের গ্লস্টার শহরের কাছে থেকে আটক করে ব্রিটিশ পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার ব্রিটিশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, গ্রেফতারের ঘটনাটি গুপ্তচরবৃত্তির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট। বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের।যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, ‘সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ আমাদের মনে করিয়ে দেয়, প্রতিষ্ঠানের ভেতর থেকেই নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে এবং এ ধরনের হুমকি সব সময়ই বিদ্যমান।’ব্রিটিশ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলের গ্লস্টার শহরের কাছে ওই সেনাসদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্লস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। তবে গ্রেপ্তারের ঘটনাটি সন্ত্রাসবাদ দমন পুলিশের অন্য কোনো চলমান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট নয়।গ্রেফতারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সম্ভাব্য ইরানি নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে মার্কিন সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার খবর সামনে এসেছে।গত সোমবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলে রয়্যাল এয়ারফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছ থেকে সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।এর আগে গত সেপ্টেম্বরে নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। এসব উড়োজাহাজ ব্যবহার করেই ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটির নিরাপত্তা নিয়ে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়। ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার কথা বললেও যুক্তরাজ্যে কোনো হামলা বা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।এদিকে, গ্রেফতার হওয়া মার্কিন সেনাসদস্যকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইন-২০২৩-এর ১ ও ৩ নম্বর ধারায় অপরাধের সন্দেহে আটক করা হয়েছে। এসব ধারায় সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ব্রিটিশ পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দেশটি রাশিয়া।পুলিশ জানিয়েছে, ওই সেনাসদস্য বর্তমানে লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রয়েছেন। তদন্ত অব্যাহত রয়েছে।এটিভি/এসআইআর