• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪৬:৩০ (24-Apr-2026)
  • - ৩৩° সে:
সদরপুরে ময়লার ভাগাড়ে দুই শতাধিক গুইসাপের বসবাস

সদরপুরে ময়লার ভাগাড়ে দুই শতাধিক গুইসাপের বসবাস

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের বাজারসংলগ্ন একটি জলাশয়ের তীরজুড়ে দেখা মিলছে বিলুপ্তপ্রায় প্রাণী গুইসাপের বিশাল একটি দল। স্থানীয়দের মতে, ৪০ থেকে ৮০ কেজি ওজনের প্রায় দুই শতাধিক গুইসাপ বর্তমানে এ এলাকায় বসবাস করছে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বাজার এলাকার একটি স্বাভাবিক ও পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা যায়, বাজারের পাশের খালের তীরজুড়ে সারাদিন দলবদ্ধভাবে বিচরণ করছে বড় আকারের গুইসাপগুলো। বাজারের দোকান থেকে ফেলে দেওয়া পচা মাছ, মরা মুরগি, এমনকি জবাইকৃত গরু-ছাগলের হাড় ও ভুঁড়িই তাদের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।বাজারের ব্যবসায়ীরা জানান, গুইসাপগুলো মানুষের কোনো ক্ষতি করে না। বরং বাজারে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে এগুলো সহায়ক ভূমিকা রাখছে। ফলে এখন আর কেউ তাদের তাড়িয়ে দেয় না বরং নির্বিঘ্নে বসবাসের সুযোগ দিচ্ছে।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মাঝে মাঝে গুইসাপগুলো আশপাশের বাড়ির উঠানেও চলে আসে। তবে এগুলো নিরীহ হওয়ায় মানুষের মধ্যে তেমন কোনো আতঙ্ক সৃষ্টি হয় না। এলাকাবাসী তাদের উপস্থিতিকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে।এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার বলেন, গুইসাপ বিষধর নয় এবং মানুষের জন্য সরাসরি ক্ষতিকরও নয়। তবে এদের শরীরে থাকা ব্যাকটেরিয়ার কারণে কামড় বা লেজের আঘাতে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে।পরিবেশবিদদের মতে, এ ধরনের প্রাণীর উপস্থিতি একটি সুস্থ বাস্তুতন্ত্রের নির্দেশক। তাই গুইসাপগুলোর সুরক্ষা এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সংশ্লিষ্টদের সচেতন ও উদ্যোগী হওয়া প্রয়োজন।